“কেউ যদি কাউকে কিছু বলতে চায়, তবে কেউ যেনো স্কাইপে আসে।”
এমন দিনগুলোর কথা খুব পুরোনো কিন্তু নয়। আজকাল “আমার প্রিয় স্বপ্নগুলো”র সাথে মাঝে মাঝেই চলতি পথে দেখা হয়। সেন্ট্রাল এসি’র মল গুলোতে ঝকঝকে কাচের ওপাড়ে চোখ ধাধানো আলোর বন্যায় দীর্ঘশ্বাস লুকিয়ে যেগুলোকে হারিয়ে যেতে দিয়েছি, সেগুলোই আজাকাল বিজয় স্বরনীর সিগন্যাল গুলোতে একে একে জানালায় টোকা দেয়। হাই তুলি, সাড়া দেওয়া হয় না। কাচ নামাতে আলসেমি লাগে।
সেই সময়কার কথা, যখন কোনো কারন ছাড়াই দারুন দুরন্ত আনন্দে দিন কাটিয়েছি। এক একটা দিন, এক একটা রাত, একটা গোটা বিকেল, লোডশেডিং এর একটা পুরো ঘন্টা, কি কি না করেছি, কই কই না উড়ে বেড়িয়েছি। যাই চেয়েছি, তাই পেয়েছি, পাইনি, কিছুই যায় আসে নি। এত এত খেয়াল, ভালো লাগা, আগ্রহ, স্বপ্ন, প্রেম, গ্যাঞ্জাম, সারাদিন চরকির মত ঘোরা, বই পড়া, লুকিয়ে ইয়ে করা, স্কুল পালানো, টপকানো, হেটে হেটে কই থেকে কই কই যাওয়া, জুম্মা আড্ডা, তারাবীহ, শবে বরাত, শবে কদর, চান রাত, ট্যাপ টেনিস, বন্ধু, গ্যাঁজানো, গান, ভাঙা, গড়া, ভাই; আরও কত কত কি!
আজকাল কারো কারো চোখে সেই পুরোনো আমাকে দেখতে পাই। ফুড়ুৎ করে উড়ে যাই মেঘের দেশে।
বিদায় বিষাদের দিনগুলি; এই বেশ ভালোই আছি।